মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি: এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে দিনাজপুর শিক্ষা বোর্ড এবং রংপুর অঞ্চলের মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকেল ৩টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের চেয়ারম্যান প্রফেসর মোঃ তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
শিহ্মা মন্ত্রী বলেন, এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্র সচিব, শিক্ষক, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে এই পরীক্ষার গুরুত্ব অত্যন্ত বেশি উল্লেখ করে তারা সকলকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মকর্তা, বিভিন্ন জেলার কেন্দ্র সচিব, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।