সামসু উদ্দিন বাবু :কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে কুখ্যাত ডাকাত সর্দার রুবেল মিয়াসহ তিনজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ১৩ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ৬-৭ জনের একটি ডাকাতদল বাউরবাগ এলাকার একটি কবরস্থানে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে ডাকাতদল গুলি ছোঁড়ে। এতে দলের সদস্য সৈয়দ শামসুর রহমান আতিক (৩০) গুলিবিদ্ধ হয়ে পড়ে এবং অন্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় আতিককে আটক করা হয়। তার কাছ থেকে একটি পাইপগান ও ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। আটক আতিকের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ এপ্রিল সিলেটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার রুবেল মিয়া (৪০) ও আশরাফ হোসেন আশরাফুল ওরফে আশাই (২৯)-কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের উত্তর বাড়ন্তি এলাকার একটি কলাবাগান থেকে আরও একটি দেশীয় তৈরি পাইপগান ও একটি ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত মোট দুইটি আগ্নেয়াস্ত্র (পাইপগান), ২১ রাউন্ড তাজা গুলি এবং একটি ব্যবহৃত কার্তুজ উদ্ধার করা হয়েছে।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরের নেতৃত্বে এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের মধ্যে রুবেল মিয়ার বিরুদ্ধে ১১টি এবং আতিকের বিরুদ্ধে ৫টি মামলার তথ্য পাওয়া গেছে। আহত আতিক বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, পলাতক ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।