আঃ হান্নান আল আজাদ, নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি সমঝোতার অংশ হিসেবে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী – (বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির) বিডিপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আশিকিন আলম রাজন। প্রসঙ্গত, বিডিপি আগে থেকেই জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক দল হিসেবে যুক্ত রয়েছে। ময়মনসিংহ-৯ আসনে বিডিপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান। প্রায় ছয় মাসেরও বেশি সময় ধরে নির্বাচনি প্রচারণা চালানোর পর সোমবার (২৯ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে, এনসিপির পক্ষ থেকে এই আসনে প্রার্থী ছিলেন দলটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম রাজন। দলীয় সূত্রে জানা গেছে, তিনি নান্দাইল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এবং জমা দেওয়ার সব প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটগত সমঝোতার সিদ্ধান্ত অনুযায়ী শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। গত কয়েক মাস ধরে আশিকিন আলম রাজন উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে আসছিলেন। উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত গ্রামে তার পোস্টার ও ব্যানার সাঁটানো ছিল। নতুন রাজনৈতিক দলের একজন নবাগত প্রার্থী হিসেবে তিনি ভোটারদের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি করেছিলেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর রোববার (২৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আশিকিন আলম রাজন নান্দাইলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিডিপি প্রার্থী অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানকে শুভকামনা জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, রাজনীতিতে তার আগমন জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্যেই। জোটগত সিদ্ধান্তের কারণে এবার তার মনোনয়ন হয়নি বলেও তিনি উল্লেখ করেন।


