বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকেঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় উলামা পরিষদের কর্মীদের ভাইদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা-০১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের এক আন্তরিক ও ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আলমডাঙ্গা উপজেলার লায়লা কনভেনশনে
আয়োজিত এ মতবিনিময় সভায় দ্বীনের আদর্শ প্রতিষ্ঠা, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন, নৈতিকতা ও সামাজিক সংস্কারে উলামা সমাজের ঐতিহাসিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত আলেম সমাজ দেশের বর্তমান সামাজিক বাস্তবতায় ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজে নৈতিক অবক্ষয়, অন্যায় ও অসামাজিক কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা থেকে উত্তরণে উলামা সমাজের পাশাপাশি সচেতন জনগণের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন,
“একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গঠনে উলামা সমাজের ভূমিকা অনস্বীকার্য। দ্বীনের আলোকে সমাজ সংস্কারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে কার্যকর আন্দোলন গড়ে তুলতে উলামা সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশ ও জাতির সার্বিক কল্যাণে ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের আলোচনা ও মতবিনিময় চিন্তা, প্রত্যয় ও ঐক্যের এক শক্ত বার্তা বহন করবে এবং আগামী দিনের সামাজিক ও নৈতিক আন্দোলনে কার্যকর দিকনির্দেশনা প্রদান করবে।


