বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকেঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডম্বলপুর গ্রামে জমি দখলের উদ্দেশ্যে সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নতুনপাড়া এলাকার মৃত মনছের আলীর ছেলে খোকন আলী (৪০) ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মহাব্বত আলীর ছেলে শীতল (৩৫) এ ঘটনার মূল পরিকল্পনাকারী বলে অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, শীতল তার ছেলে নয়নসহ কয়েকজনকে নিয়ে খোকন আলীর বসতভিটায় প্রবেশ করে টিনের ঘর ভাঙচুর করে এবং আশপাশের কয়েকটি গাছ কেটে ফেলে।
খোকন আলী জানান, প্রায় ২০ বছর আগে তিনি আলমডাঙ্গার দক্ষিণ শ্রীরামপুর ১১৫ নম্বর মৌজার আরএস ৮০৩ নম্বর খতিয়ানের ১৮৭০ ও ১৯৭৮ নম্বর দাগের মোট ৪ শতক জমি ক্রয় করেন। পরে তিনি জমিটি আলম হোসেনের কাছ থেকে রেজিস্ট্রির মাধ্যমে নিজের নামে নেন। দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করলেও সম্প্রতি অভিযুক্তরা জোরপূর্বক জমিতে প্রবেশ করে ভাঙচুর চালিয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, “শুক্রবার সকালে আমি বাজারে ছিলাম। আমার অনুপস্থিতির সুযোগে তারা ঘর ভাঙচুর করে। বাড়িতে ফিরে দেখি টিনের ঘর ক্ষতিগ্রস্ত এবং গাছ কাটা। প্রতিবাদ করলে পরিবারের দু’জন সদস্যকে মারধর ও হুমকি দেওয়া হয়।”
স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধটি নতুন নয়। এর আগেও বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল এবং স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। তবে সাম্প্রতিক এই ঘটনার পর পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠেছে।
এ ঘটনায় খোকন আলী আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।
অভিযুক্ত শীতলের বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে।
এদিকে গ্রামে বিরাজমান উত্তেজনা নিরসনে প্রশাসনের সক্রিয় ভূমিকার প্রত্যাশা করেছেন সচেতন মহল।


