জাকরিয়া আল মামুন, নিজস্ব প্রতিনিধি: মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। ২২ অক্টোবর (বুধবার) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদ এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা মো. দুলাল মোল্লা, উপজেলা বিএনপি সভাপতি মাস্টার হুমায়ুন কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম সুমন, প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, গাড়ির চালকদের রাস্তায় প্রতিযোগিতামূলক ভাবে গাড়ি চালনো থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি অতিরিক্ত মালামাল ও যাত্রী বহন করা থেকে বিরত থাকা এবং ট্রাফিক সাইন ও সিগন্যাল মেনে গাড়ি চালানো দরকার।সরকার ইতোমধ্যে সড়ক পরিবহন আইন ২০১৮ প্রণয়ন করেছে এবং বিভিন্ন প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম চালু রেখেছে। এ আইন যথাযথভাবে প্রয়োগ করলে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।
সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনা কোনোভাবেই কাম্য নয়। চালকদের বেপরোয়া আচরণ, প্রতিযোগিতা, অদক্ষতা, অতিরিক্ত মালামাল ও যাত্রী বহন, পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং পথচারীদের অসচেতনতায় এসবই দুর্ঘটনার জন্য দায়ী। সড়ক দুর্ঘটনা রোধে চালক, মালিক, যাত্রী, পথচারী সবার সম্মিলিত সচেতনতা জরুরি।
১৯৯৩ সালের ২২ অক্টোবর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকেই তিনি নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন। তার উদ্যোগে ”১৯৯৩ সালের ১লা ডিসেম্বর” সামাজিক সংগঠন “নিরাপদ সড়ক চাই (নিসচা)” প্রতিষ্ঠিত হয় এবং প্রতিবছর ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের দাবি জানায়।পরে ২০১৭ সালে মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা ও অনুমোদন দেওয়া হয়। তখন থেকে সরকারি-বেসরকারি উদ্যোগে দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে।


