ইসমাইল হোসেন পিয়াল, শাহজাদপুর প্রতিনিধি: “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৬ই আগষ্ট শাহজাদপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে শাহজাদপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মৎস্য বিভাগের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, মৎস্যজীবী এবং স্থানীয় সুধীসমাজ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিরেক্টর এম এ সুজন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ ইলোরা ইয়াসমিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় অফিসার রবিউল রানা, শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ এমদাদুল হক নওশাদ এবং সমাজসেবা অধিদপ্তর অফিসার মোঃ মকবুল হোসেন।
আলোচনা সভায় বক্তারা মৎস্যসম্পদকে দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে অবৈধ জাল ব্যবহার, বিষ প্রয়োগ করে মাছ শিকার এবং অবৈধ ট্রলিং জালের ব্যবহারসহ সকল প্রকার বেআইনি কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
পরিশেষে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি এবং সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ, টেকসই আহরণ এবং অবৈধ মৎস্য শিকার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়।


