বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকেঃ মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আলমডাঙ্গা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ (চারশত) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম–এর সার্বিক দিকনির্দেশনায় জেলার সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১১টা ১৫ মিনিটে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ বাবলু খাঁন সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার স্টেশনপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে স্টেশনপাড়াস্থ জনৈক মোঃ মোহনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে দিলীপ কুমার গাংগলী (৬৫), পিতা—মৃত অনিল কুমার গাংগলী, মাতা—কল্যানী বালা গাংগুলী, সাং—পোড়াদহ, থানা—মিরপুর, জেলা—কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ৪০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল একটি শক্তিশালী ব্যথানাশক ওষুধ, যা অপব্যবহারের মাধ্যমে মাদক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে এ চক্রটি এলাকায় সক্রিয় ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা নং-০১, তারিখ ০১/০৩/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা—২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ২৯(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।


