বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে: চুয়াডাঙ্গা–০১ আসনে জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল ব্যাপক গণসংযোগ, পথসভা, দলীয় প্রতীক প্রদর্শন এবং একাধিক অফিস উদ্বোধনের মাধ্যমে রবিবার (৩০ নভেম্বর ২০২৫) দিনব্যাপী তৃণমূলব্যাপী কর্মসূচি সম্পন্ন করেন। বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া, হারদী, জামজামি ও ডাউকি ইউনিয়নের বিভিন্ন গ্রামে এসব আয়োজন অনুষ্ঠিত হয়। বিকেলে ভাংবাড়ীয়া ইউনিয়নের পথসভা ছিল দিনের কর্মসূচির কেন্দ্রবিন্দু। পথসভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী এডভোকেট রাসেল। এ সময় সনাতন ধর্মাবলম্বী যুবক শ্রী সুজন কুমারসহ আরও কয়েকজন জামায়াতে ইসলামীতে যোগদান করেন। নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তব্যে এডভোকেট রাসেল বলেন, “বাংলাদেশের সমস্যাগুলো নতুন নয়। দুর্নীতি, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, বিচারহীনতা ও প্রতিহিংসার রাজনীতি বহুদিনের। বহু দল ক্ষমতায় এসেও সমাধান দিতে পারেনি। ন্যায়ভিত্তিক সৎ ও আমানতদার নেতৃত্ব ছাড়া জনগণের আস্থা ফিরে আসবে না।” তিনি আরও বলেন, “আল্লাহর বিধান প্রতিষ্ঠা ছাড়া দেশকে দুর্নীতি ও অন্যায় থেকে মুক্ত করা সম্ভব নয়। দাঁড়িপাল্লায় ভোট দিন। ইনশাআল্লাহ ক্ষমতায় গেলে এক বছরের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন উপহার দিতে পারবো।” ভাংবাড়ীয়া থেকে ফেরার পর বিকেল ও সন্ধ্যা জুড়ে হারদী ইউনিয়নের উদায়পুর ও যাদুবপুর গ্রামে পথসভা এবং ওয়ার্ডভিত্তিক অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়। স্থানীয় কর্মী–সমর্থকদের উপস্থিতিতে এসব আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। এশার নামাজের পর থেকে রাত ১০টা পর্যন্ত ডাউকি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আরও কয়েকটি নতুন অফিস উদ্বোধন, পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে আলাপ করেন এমপি প্রার্থী। দিনব্যাপী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত সম্পাদক মোঃ দারুস সালাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ কাইয়ুম উদ্দিন হিরক, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, গাংনী আসমানখালী সাংগঠনিক থানা আমীর মোঃ আব্বাস উদ্দিন, নায়েবে আমীর মোঃ গিয়াস উদ্দিন, ভাংবাড়ীয়া ইউনিয়ন আমীর মাওলানা খন্দকার মাসুদুর রহমান, উপজেলা সেক্রেটারি মোঃ মামুন রেজা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মেহেদী হাসান, উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ তরিকুল ইসলাম, ডাউকি ইউনিয়ন আমীর মোঃ সজিবুল ইসলাম, সেক্রেটারি ডাঃ আব্দুস সালাম, জামজামি ইউনিয়ন আমীর মোঃ ফজলুল হক সহ আরও অনেকে। আসন্ন জাতীয় নির্বাচনে তৃণমূল জনসম্পৃক্ততা বাড়াতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর এই ধারাবাহিক গণসংযোগ কর্মসূচিকে স্থানীয় রাজনীতিতে উল্লেখযোগ্য আলোচনার জন্ম দিয়েছে। এলাকার প্রত্যন্ত গ্রামগুলোতে রাত পর্যন্ত চলা এসব নির্বাচনী কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।


