শাহবাজ খান মাশফি, ঢাকা: বিশ্ব Mother’s Day উপলক্ষে বাংলার বীর ফাউন্ডেশন ও স্মার্ট উদ্যোক্তা ফোরাম-এর যৌথ আয়োজনে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে ১১ মে, অনুষ্ঠিত হয়েছে “রত্নগর্ভা মা, সেরা মা ও ইন্সপায়ারিং আইকন অ্যাওয়ার্ড ২০২৬” প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মার্ট উদ্যোক্তা ফোরামের প্রেসিডেন্ট কামার আফজা লিজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও রাজনীতিক এম. নাজিম উদ্দিন আল আজাদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্লোবাল ইউনিভার্সিটি-এর উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ডঃ আনিসরুজ্জামান। সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাকসুদেল হোসেন খান মাকসুদ, রাজনীতিক ও ব্যবসায়ী এস.এম আমানুল্লাহ, ল্যাব ফোর জেনারেল হাসপাতালের প্রধান মানব সম্পদ কর্মকর্তা নুসরাত জাহান জেরিন, উপার্জন মাঠের ফাউন্ডার আব্দুর নূর মোঃ ইয়াহিয়া, কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্স-এর চিকিৎসক ডাক্তার মোস্তফা কামাল আরেফিন, “শব্দ থেকে শব্দ”-এর স্বত্বাধিকারী ওবায়দা বেগম এবং সংগঠক মাহফুজা শিউলি। অনুষ্ঠানে বক্তারা মায়ের আত্মত্যাগ, ভালোবাসা, মমতা ও সমাজ গঠনে মায়ের অবদানের কথা গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে তুলে ধরেন। তারা বলেন, একজন মা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজ ও জাতির অনুপ্রেরণার উৎস। মায়ের ত্যাগ ও আদর্শই আগামী প্রজন্মকে মানবিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলে। অনুষ্ঠানে ২২ জন গুণী মায়ের হাতে “রত্নগর্ভা মা” ও “সেরা মা” সম্মাননা পদক তুলে দেওয়া হয়। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকজনকে “ইন্সপায়ারিং আইকন অ্যাওয়ার্ড ২০২৬” প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও আকর্ষণীয় যাদু প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। পুরো আয়োজনটি উৎসবমুখর ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়।


