মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি: আকস্মিক বজ্রপাতে ঝরে যাওয়া সম্ভাবনাময় প্রাণ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (নজরুল বিশ্ববিদ্যালয়) প্রয়াত শিক্ষার্থী রাশেদুল ইসলামের স্মরণে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ (FMS) বিভাগের সেমিনার লাইব্রেরির নামকরণ করা হয়েছে ‘মো. রাশেদুল ইসলাম স্মৃতি সেমিনার লাইব্রেরি’। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫)দুপুরে নিহত রাশেদের বাবা-মা সেমিনার লাইব্রেরির নামফলক উন্মোচন করেন।উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন রাশেদের পরিবারের সদস্য, শিক্ষক ও সহপাঠীরা।এসময় রাশেদের স্মরণে সকলকে আবেগে আপ্লুত হতে দেখা যায়। এ পর্যায়ে,ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, “রাশেদ ছিল আমাদের বিভাগের গর্ব।
তার ভাবনা ও উদ্যমে আমরা অনেক অনুপ্রেরণা পেতাম। তার অকাল মৃত্যু শুধু পরিবারের নয়, পুরো বিভাগের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাকে স্মরণে রেখে সেমিনার লাইব্রেরির নামকরণ আমাদের সম্মিলিত ভালোবাসার প্রতীক।” পাশাপাশি রাশেদের পিতা রাহেনুর রহমান আবেগতাড়িত কণ্ঠে জানান,“ছেলেটা ছিল আমার গর্ব। চোখের সামনে বড় হতে দেখেছি, কত স্বপ্ন ছিল ওর। এখন সেই স্বপ্নগুলোই শুধু পড়ে আছে, ছেলেটা আর নেই।” উক্ত অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা সহ অন্যান্যরা রাশেদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। উল্লেখ্য, গত ৫ অক্টোবর ২০২৫,ছুটি কাটিয়ে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে কুমিল্লার হোমনা উপজেলার ঘাঘুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় খেয়া পার হওয়ার সময় আকস্মিক বজ্রপাতে প্রাণ হারান নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম।তার স্মরণে তারই নামে বিভাগের সেমিনার লাইব্রেরির নামকরণ করাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে সাধারণ শিক্ষক-শিক্ষার্থী,সহপাঠী ও সংশ্লিষ্টরা।


