হানিফ মিয়া, নরসিংদী প্রতিনিধি: আজ বৃহস্পতিবার দুপুর ১২টার নরসিংদীতে আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এক ছাত্রদল নেতা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।আদালত ভবনের নিচতলার সিডিআর রুমের সামনে এ ঘটনা ঘটে। আহত ছাত্রদল নেতা সিয়াম হোসেন (২৮) পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।পরিবারের সদস্যরা জানান, গত বছরের ডিসেম্বরের মামলায় তিনি বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে যান। হাজিরা শেষে আদালত ভবনের সিডিআর রুমের সামনে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে গুরুতর জখম করে। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় চারটি সেলাইসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।


