বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে: চুয়াডাঙ্গা-১ আসনের পদ্মবিলা ইউনিয়নে এবি পার্টির উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী সভা শুক্রবার পরিণত হয় এক প্রাণবন্ত জনসমাবেশে। সকালে থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল–মহফিলে দলীয় নেতা-কর্মী, সাধারণ ভোটার ও সমর্থকদের উপস্থিতিতে পুরো ইউনিয়নজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। শৃঙ্খলা ও শান্তিপূর্ণ ব্যবস্থাপনায় সভাটি উদাহরণযোগ্য রাজনৈতিক আয়োজন হিসেবে উল্লেখ করেন উপস্থিত জনসাধারণ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা। তিনি বলেন, “জনগণের অধিকার হরণকারী কোনো শক্তি বিন্দুমাত্র ছাড় পাবে না। আগামীর বাংলাদেশ হবে সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র। এবি পার্টি মানুষের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।” তিনি আরও জানান, গ্রামের মানুষের সমস্যা সমাধান, স্থানীয় উন্নয়ন এবং আধুনিক সেবা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া—এটাই হবে তার নির্বাচনী প্রতিশ্রুতির কেন্দ্রবিন্দু। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার সানী আব্দুল হক। তিনি বলেন, “রাষ্ট্র যদি নাগরিকের নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করে, তবে নাগরিককেও তার দায়িত্ব পালন করতে হবে। একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে রাজনৈতিক সচেতনতা, সামাজিক দায়িত্ববোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করা জরুরি।” তার বক্তব্যে তরুণদের ইতিবাচক রাজনীতিতে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এ ছাড়া সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক আলমগীর হোসাইন, ছাত্রপক্ষের কেন্দ্রীয় সহ-সম্পাদক রাকিব মাহমুদসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা বলেন, এবি পার্টি পরিবর্তন, সুশাসন এবং জনকল্যাণমূলক রাজনীতির প্রতীক। তাই আসন্ন নির্বাচনে জনগণের সমর্থনই হবে নতুন স্বপ্ন বাস্তবায়নের মূল শক্তি। সভায় উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব আলী রুশদী মজনু, রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী কেলে, সোহেল মিয়া, খোকন হোসেন, অপু, রাফিউল কাদির, বাংলাদেশ ছাত্রপক্ষের সাব্বির রহমান ফিরোজ, আকাশ, মুশফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে বক্তারা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং এবি পার্টির প্রার্থীকে বিজয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেন।


