বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা): যুব সমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও পরিবেশবান্ধব উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে “Youth Connect – Youth Green Entrepreneurship Development” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত এ প্রকল্পটি দেশের তরুণদের মাঝে উদ্যোক্তা সৃষ্টির নতুন দিগন্ত উন্মোচন করছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় আলমডাঙ্গা প্রাইম পলিটেকনিক্যাল ইন্সটিটিউটে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পান, যারা উদ্যোক্তা হওয়ার আগ্রহ এবং নিজস্ব নেতৃত্ব দক্ষতা উন্নয়নে আগ্রহী।
প্রকল্পের আওতায় অংশগ্রহণকারীদের জন্য রয়েছে নানা সুযোগ-সুবিধা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—বিনামূল্যে উদ্যোক্তা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়নে অনুদান সুবিধা, অভিজ্ঞদের মাধ্যমে মেন্টরশিপ, নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ এবং ব্যবসায়িক পরিকল্পনা প্রস্তুত করে বিনিয়োগকারীদের কাছে উপস্থাপনের সহায়তা। বিশেষভাবে নারী ও প্রতিবন্ধী যুবকদের এ প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী শরিফুল আলম, কানিজ সুলতানা, মাহবুবুর রহমান ও জিল্লুর রহমান। তারা তরুণদের উদ্যোক্তা হওয়ার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন এবং পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণে উৎসাহিত করেন। এসময় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম, সাধারণ সম্পাদক রুনু খন্দকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সাল, কোষাধ্যক্ষ হাসিবুল হোসেন, ক্রীড়া সম্পাদক মহসীনুজ্জামান, নির্বাহী সদস্য রাশেদ রানা বিপন, মাহফুজ আহমেদ, ওয়েভ ফাউন্ডেশন আলমডাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম এবং সাহিদা খাতুন। বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণদের কর্মসংস্থানের অন্যতম প্রধান মাধ্যম হতে পারে উদ্যোক্তা সৃষ্টি। এ ধরনের প্রকল্প তরুণদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করে।
অনুষ্ঠানটি তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং অংশগ্রহণকারীরা ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।


