সামসু উদ্দিন বাবু :কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ মহান মে দিবস উপলক্ষে ‘বাসদ (মার্কসবাদী)’ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে আজ ১ মে শুক্রবার বিকাল ৪টায় শহরে এক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দলের কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক প্রশান্ত দেব ছানার সভাপতিত্বে এবং সংগঠক সাদমান সৌমিক মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) মৌলভীবাজার জেলার সংগঠক ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র–এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকার সংগঠক ও কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, ১৪০ বছর আগে ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৮ ঘণ্টা শ্রম, ৮ ঘণ্টা বিশ্রাম ও ৮ ঘণ্টা বিনোদনের দাবিতে যে শ্রমিক আন্দোলন সংঘটিত হয়েছিল, শহীদ শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়ে তারই ধারাবাহিকতায় মহান মে দিবসের সূচনা। মে দিবস মূলত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। তারা অভিযোগ করেন, আজও শ্রমিকরা শোষণের শিকার। আইনে ৮ ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারিত থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে ১২ থেকে ১৬ ঘণ্টা কাজ করতে হয়। কম মজুরি, নারী-পুরুষের মজুরি বৈষম্য এবং কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা এখনো বিদ্যমান। ফলে শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক অধিকার থেকে শ্রমজীবী মানুষ বঞ্চিত হচ্ছে। ঋণের চাপে জর্জরিত হয়ে অনেক শ্রমিক হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন বলেও তারা উল্লেখ করেন। বক্তারা আরও বলেন, কুলাউড়া চা বাগান অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও হাজারো চা-শ্রমিক এখনো ন্যায্য মজুরি ও ভূমির অধিকার থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও তাদের ন্যায্য দাবি এখনো পূরণ হয়নি। সমাবেশ থেকে নেতৃবৃন্দ মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শ্রমিকের অধিকার, মর্যাদা এবং শোষণ-বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে জাতীয় ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু, বেকারত্ব নিরসন, ছাঁটাই ও নির্যাতন বন্ধ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।


