মোঃ মামুন মোড়ল, জেলা প্রতিনিধি:(নরসিংদী): নরসিংদীর পলাশে হতদরিদ্র মানুষের মাঝে জিআর চাল ও গৃহমজুরি বাবদ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, “জনগণের সমর্থন ছাড়া শুধুমাত্র শক্তি বা বন্দুকের জোরে কোনো সরকার টিকে থাকতে পারে না।” শুক্রবার (২৬ জুন) সকালে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মঈন খান বলেন, বিএনপি জনগণের দল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের কল্যাণে রাজনীতি করেন। তিনি বলেন, “গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পলাশের জনগণ প্রাণঢালা ভালোবাসা দিয়ে বিএনপিকে বিজয়ী করেছে। ১৯৯১ সাল থেকে আপনারা বারবার বিএনপির প্রতি আস্থা রেখেছেন। দীর্ঘ ১৭ বছর পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে।” তিনি আরও বলেন, “আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই বারবার জনগণের কাছে ভোট চাইতে ফিরে আসি। দেশের মানুষ সহজ-সরল। তারা জানে কীভাবে অতীতে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। সেই অর্থ দেশের উন্নয়ন ও দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় হলে দেশের চিত্র ভিন্ন হতে পারত।”তিনি বলেন, “দুর্নীতিমুক্ত, জনকল্যাণমূলক সরকারই দেশের উন্নয়নের পূর্বশর্ত। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি ২৪ ঘণ্টা আপনাদের সেবায় নিয়োজিত আছি। সব সমস্যার সমাধান একদিনে সম্ভব না হলেও পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণের সমস্যার সমাধানে কাজ করে যাব।”পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনসহ বিএনপি ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে ড. আব্দুল মঈন খান উপজেলার হতদরিদ্র মানুষের মাঝে জিআর চাল ও গৃহমজুরি বাবদ নগদ অর্থ বিতরণ করেন।


