মোঃমামুন মোড়ল, পলাশ প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁও গ্রামে আড়াই মাসের অন্তঃসত্ত্বা সাইদা বিন দীপা নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দীপা ওই এলাকার প্রবাসী সাকিল মিয়ার স্ত্রী। নিহতের পরিবারের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে দীপার মৃত্যুর খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা মৃত্যুকে ঘিরে বিভিন্ন অসঙ্গতি ও রহস্যজনক বিষয় লক্ষ্য করেন। এরপর তারা অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে দীপাকে হত্যা করেছে। জানা গেছে, নিহত সাইদা বিন দীপার বাবার বাড়ি নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ভূইয়ুম গ্রামে। তিনি ওই এলাকার মৃত নাজমুল কবির সিদ্দিকের মেয়ে। ঘটনার পর নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে ঘোড়াশাল ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


