আঃ হান্নান আল আজাদ, নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে এবছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, সময়মতো সার ও কীটনাশকের সরবরাহ, এবং কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবধানে এ ফলনে কৃষকদের মুখে ফুটেছে আনন্দের হাসি।উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠজুড়ে সোনালি ধানের শীষে নুয়ে পড়েছে ফসলের ভারে। কৃষকেরা ব্যস্ত সময় কাটাচ্ছেন ধান কাটা ও মাড়াইয়ের কাজে। কৃষকরা বলছেন এ বছর উৎপাদন হচ্ছে প্রত্যাশার চেয়েও বেশি। স্থানীয় কৃষক আব্দুল কাসেম বলেন, “এবার আবহাওয়া ভালো ছিল, পোকামাকড়ের আক্রমণও কম হয়েছে। ফলে ফলন খুবই ভালো হয়েছে। আশা করছি, ধানের ন্যায্যমূল্য পেলে পরিশ্রমের সার্থকতা পাব। কৃষি অফিস সূত্রে জানা যায়,এ বছর আমন মৌসুমে নান্দাইলে ২২ হাজার ৩শত ৩০হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯০ হাজার ৩শত মে.টন।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা বলেন,প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। চলতি রোপা আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে, যা ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছি।


