মোঃমামুন মোড়ল, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশের কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খাদ্য ঘাটতির সময়ে কৃষি খাতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তিনি দেশের কৃষি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। শুক্রবার (১৯ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মঈন খান বলেন, বর্তমান সরকারও কৃষি উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। উচ্চ ফলনশীল ধানের পাশাপাশি ফলজ ও বনজ গাছ রোপণের মাধ্যমে আগামী পাঁচ বছরে ৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। এ কর্মসূচির মাধ্যমে দেশকে আরও সবুজ, সুজলা-সুফলা এবং পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় সক্ষম করে তোলা হবে। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজিজুল হক, পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক এবং যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে ড. মঈন খান উপজেলার বিভিন্ন কৃষকের মাঝে গাছের চারা, সার, বীজ ও নগদ অর্থ বিতরণ করেন। এ সময় কৃষকরা কৃষি সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।


